বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনটি এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর জন্য ছেড়ে দিয়েছে জামায়াত। এর ফলে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম শহীদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
রবিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান এর আগে বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের আমির শফিকুর রহমান জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটের সঙ্গে কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি ও এনসিপি অংশগ্রহণে মোট ১০ দলীয় জোট হিসেবে ঘোষণা দেন।
এ বিষয়ে জামায়াত নেতা সাইফুল ইসলাম শহীদ বলেন, ‘এনসিপির সঙ্গে জামায়াতের নির্বাচনী জোট হওয়ায় কেন্দ্রীয় জামায়াতের দায়িত্বশীলদের সিদ্ধান্ত অনুযায়ী বৃহত্তর রাজনৈতিক লক্ষ্য ও ঐক্যের স্বার্থে আমি কুমিল্লা-৪ আসন এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর জন্য ছেড়ে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।








