আস্থা ডেক্স : ‘প্রথম আলো’ ও ‘দ্য ডেইলি স্টার’-এর কার্যালয়ে একদল দুর্বৃত্তের মব সৃষ্টি ও অগ্নিসংযোগসহ হামলার ঘটনায় গভীর উদ্বেগ এবং তীব্র নিন্দা প্রকাশ করছে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন(পিএমএ), টাঙ্গাইল। সোমবার (২২ ডিসেম্বর) লিখিতভাবে সংগঠনের পক্ষ থেকে দুই সংবাদপত্রের কার্যালয় ও শিল্প-সংস্কৃতি চর্চার কার্যালয়ে হামলাসহ অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল ও সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল বলেন, আমরা মনে করি সংবাদপত্রের কার্যালয়ে এ ধরনের বর্বরোচিত হামলা ও অগ্নিসংযোগ শুধু মুক্ত সাংবাদিকতার ওপর আঘাত নয়, এটি দেশের গণতন্ত্র ও আইনের শাসনের জন্য চরম হুমকি। জনমত তৈরির প্রধান মাধ্যম হিসেবে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্র ও নাগরিক উভয়েরই সাংবিধানিক দায়িত্ব। মব ভায়োলেন্সের মাধ্যমে কোনো সংবাদ প্রতিষ্ঠানকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ন্যাক্কারজনক ঘটনায়ও আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি। শিল্প-সংস্কৃতি চর্চার স্থানে এ ধরনের সহিংসতা মুক্তচিন্তা ও সুস্থ সংস্কৃতির বিকাশে চরম অন্তরায়।
অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ বলেন, ‘যদি কোনো সংবাদ বা সম্পাদকীয় নীতি নিয়ে কারো দ্বিমত থাকে, তবে তা আইনগতভাবে বা আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোলা রয়েছে। কিন্তু আইন হাতে তুলে নিয়ে কার্যালয়ে আগুন দেওয়া এবং কর্মীদের জীবন বিপন্ন করা স্পষ্টত একটি অপরাধমূলক কর্মকাণ্ড। একটি সভ্য সমাজে শিল্পীদের সৃজনশীল কাজের ওপর আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন। একইসঙ্গে, সংবাদমাধ্যম এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।
আমরা বিশ্বাস করি, ভয়ভীতি বা হামলা চালিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধ করা সম্ভব নয়, শিল্প-সংস্কৃতি চর্চাও বন্ধ করা সম্ভব নয়। প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন, টাঙ্গাইল এই সংকটে প্রথম আলো ও ডেইলি স্টার এবং দুটি সাংস্কৃতিক সংগঠনের কর্তৃপক্ষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দেশের শীর্ষস্থানীয় দুই সংবাদমাধ্যম আর দেশের শীর্ষস্থানীয় দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে।








