শীতের তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকায় বায়ুদূষণের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের লাইভ সূচকে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষস্থানে উঠে আসে ঢাকা।
সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর দাঁড়ায় ২৩৯। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী এই মাত্রার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত, যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করতে পারে।
দূষিত শহরের তালিকায় ঢাকার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশরের কায়রো, যেখানে AQI স্কোর ১৯৭। এরপর ভারতের দিল্লি রয়েছে তৃতীয় স্থানে (১৮৮) এবং ইরানের তেহরান চতুর্থ স্থানে (১৮৭)। তালিকার পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে বসনিয়া ও হার্জেগোভিনার সারায়েভো (১৭২) এবং পাকিস্তানের করাচি (১৬৭)।
বিশেষজ্ঞদের মতে, এত উচ্চমাত্রার বায়ুদূষণ শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসযন্ত্র ও হৃদরোগে আক্রান্তদের জন্য অত্যন্ত ক্ষতিকর। তারা অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার পাশাপাশি প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন।
পরিবেশবিদরা আরও জানান, শুষ্ক মৌসুমে অপরিকল্পিত নির্মাণকাজ, যানবাহনের কালো ধোঁয়া ও শিল্পকারখানার দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ঢাকার বায়ুমানের এই অবনতি দীর্ঘ সময় ধরে অব্যাহত থাকতে পারে।








