ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িত মূল হামলাকারীর দুই সহযোগীকে ভারতে আটক করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ওসমান বিন হাদি হত্যাকাণ্ডটি ছিল সম্পূর্ণ পূর্বপরিকল্পিত। ঘটনার পর প্রধান অভিযুক্ত ফয়সাল এবং তার দুই সহযোগী ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায়। এর মধ্যে দুই সহযোগীকে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ কমিশনার আরও জানান, এই হত্যা মামলায় এ পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ৬ জন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে, অর্থাৎ ৭ জানুয়ারির মধ্যেই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।








