আস্থা ডেক্স : টাঙ্গাইলে প্যারোলে মুক্তি পেয়ে তাঁর বাবার জানাজা পড়ানোর সুযোগ নিয়েছেন রিয়াদ খান নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা। শনিবার (১০ জানুয়ারী) দুপুরে মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের উয়ার্শী কবরস্থানে বাবার জানাজা পড়িয়েছেন তিনি। তথ্য নিশ্চিত করেন মির্জাপুর উপজেলা শাখা নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ওয়াকিল আহমেদ ।
রিয়াদ খান উয়ার্শী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। গত ২২ ডিসেম্বর উপজেলার উয়ার্শী ইউনিয়নের মল্লিক মার্কেট এলাকার একটি রেস্টুরেন্ট থেকে রিয়াদকে গ্রেফতার করে মির্জাপুর থানা-পুলিশ। গ্রেফতারের পর থেকেই কারাবন্দি ছিলেন তিনি।
গত (৯ জানুয়ারী) শুক্রবার সন্ধ্যায় অসুস্থতা জনিত কারণে মারা যান রিয়াদের বাবা শহীদুজ্জামান খান । আজ সকালে তাঁর বড় ছেলে অয়ন খান আইনজীবীর মাধ্যমে ছোট ভাই রিয়াদের প্যারোলে মুক্তির জন্য টাঙ্গাইল আদালতে আবেদন করেন। বিচারকের নির্দেশে বেলা সাড়ে ১১টার দিকে হ্যান্ডকাফের সঙ্গে দড়ি পরিয়ে তাঁকে উয়ার্শী গ্রামের বাড়িতে নেয় পুলিশ।
দুপুর ১২টায় গ্রামবাসীর উপস্থিতিতে গ্রামের সামাজিক কবরস্থানে বাবার জানাজা পড়ান রিয়াদ। উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের তরুণ হিমেলের দুই চোখ অন্ধ হয়। এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে পুলিশ, সাংবাদিক, আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে পুলিশ রিয়াদকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।








