আস্থা ডেক্স : টাঙ্গাইলের মহড়া পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি)তে ফায়ারিং প্রশিক্ষণ চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন মাসুম নামের পুলিশ কনস্টেবল। এসময় গুলিটি তার বুকে লাগে।
গুলিবিদ্ধ মাসুম মিয়া সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার রংচির এলাকার বকুল মিয়ার ছেলে।
সোমবার (১৯ জানুয়ারী) সকাল আনুমানিক সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারিরীক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এরপর তাকে সকাল ৮টা ৩০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অস্ত্রটিতে ত্রুটি থাকায় গুলি ভরার সময় একাই ফায়ার হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের তথ্যে জানা গেলেও পুলিশের দাবি, ফায়ারিং প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনাবশতভাবে তার বুকে গুলি লাগে। পরে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
এ ঘটনায় পুলিশ ট্রেনিং সেন্টারের দায়িত্বশীল কেউ বক্তব্য দিতে রাজি হননি।উল্লেখ্য, এই ফায়ারিং প্রশিক্ষণ শেষ হলে আগামী ৩ ফেব্রুয়ারি তাদের ট্রেনিং সেন্টার ত্যাগ করার কথা ছিল।








