ঈদের আগেই বাজারে আসছে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট

ঈদের আগেই নতুন নকশার ২০, ৫০ ও ১০০০ টাকার নোট বাজারে আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, নতুন নকশার নোট বাজারে ছাড়ার লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। নোট ছাপানোর কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তবে কোন নোট ঠিক কবে বাজারে ছাড়া হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।

বাংলাদেশ ব্যাংকের নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, টাঁকশালে ২০ টাকার নতুন নোট ছাপানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী সপ্তাহে নোটটি বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে।

ওই কর্মকর্তা আরও জানান, এর পরের সপ্তাহে ৫০ ও ১০০০ টাকার নতুন নোট বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে। তবে নোটগুলো ঠিক কবে বাজারে ছাড়া হবে, সেই সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক নেবে।

নতুন নকশার নোট বাজারে এলে ধাপে ধাপে এসব নোট সাধারণ মানুষের হাতে পৌঁছাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।