বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার রাত ৩টায় (নিউইয়র্ক সময় বিকেল ৫টায়) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর এই আসন্ন ভাষণকে বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন. তিনি জানান, ইতিপূর্বে প্রধানমন্ত্রীর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তাদের সেই ধারাবাহিকতায় এবার প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে দাঁড়িয়ে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা, আবেগ ও অনুভূতি ধারণ করে বাংলা ভাষায় জাতির কথা তুলে ধরবেন।


বুধবার নিউইয়র্ক সময় সন্ধ্যা ৭টায় ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলের লবিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের দ্বিতীয় দিনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে মাহদী আমিন জানান, সফরের শুরুতেই আন্তর্জাতিক সহায়তা সংস্থা ‘গেটস ফাউন্ডেশন’-এর প্রতিনিধিদলের সঙ্গে স্বাস্থ্য ও কৃষি খাত নিয়ে ফলপ্রসূ বৈঠক হয়েছে। এছাড়া রোহিঙ্গা সংকট নিরসনে গাম্বিয়ার সঙ্গে যৌথ আয়োজিত সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের সামনে টেকসই সমাধানের জন্য পাঁচ দফা সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন।


এদিন ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং ইরানের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং অর্থনৈতিক কূটনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। বাণিজ্যিক কূটনীতির অংশ হিসেবে মার্কিন বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘বোয়িং’-এর সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি গুরুত্বপূর্ণ চুক্তিও স্বাক্ষরিত হয়।


প্রেস ব্রিফিংয়ে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ও প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।