আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরই অংশ হিসেবে কুমিল্লা উত্তর জেলার আওতাধীন মুরাদনগর ও বাঙ্গরা বাজার এলাকার ইউনিয়ন পরিষদগুলোতে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, দলীয় সমর্থন প্রত্যাশী আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার আগামী ২৬ অক্টোবর ২০২৬, সোমবার বিকেল ৩টায় মুরাদনগরের আকুবপুর আমতলী বাজারসংলগ্ন এনসিপির কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার গ্রহণ করবেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, নিজ নিজ রাজনৈতিক পরিচিতি এবং জনবান্ধব কর্মসূচির বিস্তারিত তথ্যসহ সাক্ষাৎকারে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। সাক্ষাৎকারে প্রার্থীদের জনসম্পৃক্ততা, রাজনৈতিক পরিচিতি এবং স্থানীয় জনগণের কল্যাণে তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা গভীরভাবে মূল্যায়ন করা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় নির্বাচনে স্বচ্ছতা ও যোগ্য নেতৃত্ব নিশ্চিত করতে এনসিপির এই প্রার্থী বাছাই প্রক্রিয়া স্থানীয় রাজনীতিতে বেশ গুরুত্ব বহন করছে।