হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের পলাতক ডাটা এন্ট্রি অপারেটর সুশান্ত চন্দ্র বিশ্বাস (৩৪)-কে আটক করেছে বিজিবি।
গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়নের গুটিবাড়ী বিওপির টহলদল শ্রীমঙ্গলের সীমান্তবর্তী মোংলামবস্তি চা বাগান এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ১৯৩৯/এম-এর নিকট দিয়ে শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে তাঁকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও সংশ্লিষ্ট নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তিনি প্রায় এক মাস ধরে অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। একজন দালালের সহায়তায় সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে তিনি জানান। আটকের সময় তাঁর কাছ থেকে ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নিজের ২টি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ৬টি বিভিন্ন পরিচয়পত্র, দাপ্তরিক সিল, নগদ ১২,১৮৫ টাকা ও ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী উদ্ধার করা হয়। বর্তমানে উদ্ধারকৃত নথিপত্র ও ডিজিটাল তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
এই ঘটনায় তাঁর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।