সৌদি আরবের লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দরে তেল লোডিং কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই

জানা গেছে, গত সপ্তাহে ইরান-সমর্থিত ইরাকি একটি সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলার পর সৌদি আরব তার ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ করে দেয়। এই পাইপলাইনের মাধ্যমে সৌদি আরবের তেল লোহিত সাগর উপকূলে পরিবহন করা হয়। এরপর ইয়ানবু বন্দর থেকে সেই তেল আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হয়ে থাকে।

ড্রোন হামলার পর পাইপলাইনটি বন্ধ করে দেওয়ায় ইয়ানবু বন্দরে তেল লোডিং কার্যক্রমও বন্ধ হয়ে গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের তেল রপ্তানির বিকল্প পথ নিয়েও নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এর পরিপ্রেক্ষিতে সৌদি আরব হরমুজের পরিবর্তে বাব এল-মান্দেব প্রণালি ব্যবহার করে লোহিত সাগর দিয়ে তেল রপ্তানি বাড়িয়েছিল।

তবে ইয়ানবু বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় এবং বাব এল-মান্দেব ঘিরে নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে সৌদি আরবের তেল পরিবহনে চাপ তৈরি হয়েছে।

লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে রয়েছে বাব এল-মান্দেব প্রণালি এবং উত্তর প্রান্তে রয়েছে মিসরের সুয়েজ খাল। সম্প্রতি ইয়েমেনের হুথি বাহিনী লোহিত সাগরের উপকূলীয় বন্দরনগরী মোখা নিয়ন্ত্রণে নেওয়ার পর সৌদি জাহাজ চলাচল নিয়েও হুঁশিয়ারি দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মোখা থেকে হুথিদের সরিয়ে দিতে সৌদি আরব ও ইয়েমেনের সরকারি বাহিনী অভিযান চালাচ্ছে। এ প্রেক্ষাপটে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন বিমান হামলাও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মিডেল ইস্ট আই।

ইয়ানবু বন্দরে তেল লোডিং বন্ধ থাকার বিষয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন বৃহত্তম তেল কোম্পানি সৌদি আরামকো-এর কাছে জানতে চাওয়া হলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: মিডেল ইস্ট আই