আস্থা ডেক্স : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনের মনোনয়নপত্র নিয়েছেন এনসিপি প্রার্থী মাসুদুর রহমান রাসেল। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ও টাঙ্গাইল জেলা কমিটির সদস্য সচিব। শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাসেল।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন অফিস থেকে আনুষ্ঠানিক ভাবে মনোনয়নপত্র নেন তিনি। এ সময় মাসুদুর রহমান রাসেল বলেন, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনে অংশ নিতে আগ্রহী হয়েছেন তিনি।
জনগণের সমর্থন পেলে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার প্রতিশ্রুতি দেন নবাগত প্রার্থী এনসিপির রাসেল। তার মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন এনসিপি জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা।








