আস্থা ডেক্স : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের সংসদীয় ৮ টি আসনের দুটিতে প্রতিদ্বন্দ্বিতা করতে আসা দুই নারী প্রার্থী মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে টাঙ্গাইল-৫ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতায় আসা নারী প্রার্থী ফাতেমা রহমান বীথি গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থী হলেও অপর নারী প্রার্থী আইনিন নাহার ছিলেন টাঙ্গাইল -৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী।
টাঙ্গাইল -৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহারের ১% ভোটারের স্বাক্ষরের সঠিকতা না থাকায় মনোনয়ন বাতিল আর টাঙ্গাইল-৫ (সদর) আসনের গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থী ফাতেমা রহমান বীথি দলীয় মনোনয়ন দাখিল না করায় মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
গত সোমবার (৫ জানুয়ারী) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ে যাচাই বাছাই শেষে ওই দুই নারী প্রার্থীর মনোনয়ন বাতিল হয়।
দুই নারী প্রার্থীই মনোনয়ন ফিরে পেতে আপীল করবেন বলে জানিয়েছেন।
গণসংহতি আন্দোলন মনোনীত প্রার্থী ফাতেমা রহমান বীথি বলেন, ভুলে দলীয় মনোনয়ন ফর্ম ও অঙ্গিকারনামার মূল কপির পরিবর্তে ফটোকপি জমা দেয়ার কারণে আমার মনোনয়ন বাতিল হয়েছে। আমি নির্বাচন কমিশনে আপিল করবো। আশা করছি সকল প্রয়োজনীয় তথ্য জমা দিয়ে মনোনয়ন ফিরে পাব। সকলের দোয়া চাই।
স্বতন্ত্রপ্রার্থী আইনিন নাহারও মনোনয়ন ফিরে পেতে আপীল করবেন বলে জানিয়েছেন। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার সংসদীয় ৮ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে ৮৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
তবে জমা দেন ৬৫ জন। এছাড়াও যাচাই-বাছাইয়ে ২৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। বর্তমানে ৩৭ প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। তিনি আরও বলেন, দুই নারী প্রার্থীর মনোনয়ন বাতিলের বিষয়ে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের স্বতন্ত্রপ্রার্থী আইনিন নাহারের ১% ভোটারের স্বাক্ষরে সঠিকতা না থাকায় মনোনয়ন বাতিল হয়েছে। এছাড়া টাঙ্গাইল-৫ (সদর) আসনের গণসংহতি আন্দোলন মনোনীত প্রার্থী ফাতেমা রহমান বীথির ক্ষেত্রে দলীয় মনোনয়ন দাখিল না করায় মনোনয়ন বাতিল হয়।








