কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, দলের ভাইস চেয়ারম্যান ও পাঁচবারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছেন মুরাদনগর উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
সোমবার (৯ ডিসেম্বর) মুরাদনগর সদরে আয়োজিত হিন্দু সম্প্রদায়ের এক বিশাল মতবিনিময় সভায় এই সমর্থন ঘোষণা করা হয়। পাহাড়পুর ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি নির্মল দেবনাথের সভাপতিত্বে এবং মানিক সাহা ও বিজন দাসের যৌথ সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, “আমি ধর্ম ও বর্ণের বিভেদে বিশ্বাস করি না। মুরাদনগরের প্রতিটি মানুষ আমার কাছে সমান এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমার প্রধান দায়িত্ব। ইসলাম ধর্ম আমাদের সংখ্যালঘুদের জানমাল রক্ষার শিক্ষা দেয়। আমরা মুরাদনগরে কোনো ধর্মীয় বিভেদ চাই না; বরং সব ধর্মের মানুষ মিলেমিশে একটি সুন্দর ও নিরাপদ জনপদ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
বিশেষ অতিথির বক্তব্যে পূজা উদযাপন ফ্রন্টের কুমিল্লা উত্তর জেলার আহ্বায়ক দুলাল দেবনাথ বলেন, “কায়কোবাদ সাহেবের সময়ে আমরা সবসময় নিরাপদ ছিলাম। তিনি আমাদের প্রতিটি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে ছায়ার মতো পাশে দাঁড়িয়েছেন। তাই তাঁকে অভিভাবক মেনে আমরা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করছি।”
নেতৃবৃন্দ জানান, আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে মুরাদনগরের হিন্দু সম্প্রদায় ঐক্যবদ্ধভাবে কায়কোবাদকে বিজয়ী করে ঘরে ফিরবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ও মুরাদনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতা দয়ানন্দ ঠাকুর, পিংকু পোদ্দার, নিরঞ্জন দেব, রতন দাস, অঞ্জন রায়, জহর নিবাস ঘোষসহ উপজেলার হিন্দু সম্প্রদায়ের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা শেষে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের আহ্বান জানানো হয়।








