ক্যাশলেস বাংলাদেশ এবং আধুনিক ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার অংশ হিসেবে বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেন সম্পূর্ণ ফ্রি বা চার্জমুক্ত রাখার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, কিউআর কোড ব্যবহার করে গ্রাহক থেকে শুরু করে ফুটপাতের বিক্রেতা ও ছোট ব্যবসায়ীরা যেকোনো ব্যাংক বা সেবা প্রদানকারীর অ্যাকাউন্টে সম্পূর্ণ বিনামূল্যে টাকা লেনদেন করতে পারবেন। এর জন্য কোনো বাড়তি ফি বা চার্জ দিতে হবে না। এটি একটি নিরাপদ ও সুরক্ষিত প্ল্যাটফর্ম হওয়ায় এতে কোনো অনিয়মের সুযোগ থাকবে না বলে জানান তিনি।
তিনি আরও উল্লেখ করেন, এই ব্যবস্থার ফলে নগদ টাকা বহনের ঝামেলা কমবে এবং লেনদেন হবে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ। প্রাথমিক পর্যায়ে কিছু কারিগরি চ্যালেঞ্জ বা সাময়িক সমস্যা দেখা দিলেও তা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে। দেশের সাধারণ নাগরিক, ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের কোনো দ্বিধা ছাড়াই সরকারের এই ক্যাশলেস উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী।