ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বুধবার রাতে রাজাগাঁও ইউনিয়নের একটি ওয়ার্ডে বিএনপির পক্ষ থেকে এক পুরুষ কর্মীকে বোরকা পরিয়ে ভোট চাওয়ার ‘নাটক’ সাজানো হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। ওই সময় অভিযুক্ত ব্যক্তিকে হাতেনাতে ধরা হলেও তাকে পুলিশে সোপর্দ করা হয়নি বলে জানান তিনি।
বৃহস্পতিবার সকালে পৌর শহরের হাজীপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামায়াত প্রার্থী বলেন, বিএনপির কর্মীরা একজন পুরুষকে বোরকা পরিয়ে অভিনয়ে নামায় এবং পরবর্তীতে টিকটকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ধারণ করে আনন্দ-উল্লাস করে। নির্বাচনী মাঠে এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও শৃঙ্খলা পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি।
এদিকে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে সদর, রুহিয়া ও ভুল্লী এলাকার মোট ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে। এই আসনে মোট ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন, যার মধ্যে নারী ভোটারদের সংখ্যা কিছুটা বেশি (২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন)। এছাড়া পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন চারজন। পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ২৮৭ জন ভোটার নিবন্ধন করেছেন।