কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১ নম্বর বড় শালঘর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা ক্রমেই জমে উঠছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব রাশেদুল হক রাসেল।
মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাশেদুল হক রাসেল জানান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে দলের এই মনোনয়ন পাওয়া তাঁর জন্য অত্যন্ত সম্মানের পাশাপাশি একটি অত্যন্ত গুরুদায়িত্ব। এলাকার সাধারণ মানুষের অধিকার রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং সার্বিক উন্নয়ন নিশ্চিত করতেই তিনি এই দায়িত্ব কাঁধে নিয়েছেন বলে জানান।
তিনি আরও বলেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে তিনি বড় শালঘর ইউনিয়নের সর্বস্তরের জনতা, মুরব্বি ও তরুণ সমাজেরর আন্তরিক দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করছেন। দলীয় নেতাকর্মী এবং এলাকাবাসীকে সঙ্গে নিয়ে একটি মডেল ও জনকল্যাণমুখী ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এদিকে রাশেদুল হক রাসেল দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই বড় শালঘর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে। আসন্ন স্থানীয় এই নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের নানা সামাজিক কর্মকাণ্ড ও প্রচার-প্রচারণায় স্থানীয় রাজনৈতিক অঙ্গন এখন বেশ চাঙ্গা হয়ে উঠেছে।