নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় সরকার নির্বাচনের অংশ হিসেবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে নির্বাচন কমিশনের প্রাথমিক পরিকল্পনা থাকলেও এখনো কোনো তারিখ চূড়ান্ত হয়নি। আগামী বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
মঙ্গলবার গণমাধ্যমকে তিনি এসব তথ্য জানান।
এর আগে মঙ্গলবার সকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান এবং নির্বাচন আয়োজনের ক্ষেত্রে তাদের নিজস্ব এখতিয়ার রয়েছে। তবে সাত ধাপে ইউপি নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশনের জানানো সম্ভাব্য সময়সূচি সম্পর্কে সরকার অবগত নয় বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, এ বিষয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো পত্র যোগাযোগ হয়নি। এমনকি অন্য কোনো মাধ্যমেও এ নিয়ে আলোচনা হয়নি বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
এর আগে সোমবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের একটি প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে।
ইসির সেই প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপের ভোট ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপের ভোট ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে।
এ ছাড়া চতুর্থ ধাপের নির্বাচন আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপের ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপের ২২ এপ্রিল এবং সপ্তম তথা শেষ ধাপের ভোট ২৭ মে আয়োজনের প্রাথমিক পরিকল্পনার কথা জানানো হয়েছিল।
তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন বলা হচ্ছে, এসব তারিখ চূড়ান্ত নয়। আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর নির্বাচন আয়োজনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে।

