কুমিল্লার মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঐতিহাসিক জামিয়া ইসলামিয়া মুজাফফরুল উলুম মাদ্রাসা মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি। সরকারের এই উচ্চপদস্থ মন্ত্রী ও স্থানীয় রাজনীতির শীর্ষ নেতা তাঁর বক্তব্যে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর নৈতিক অবস্থান ও জনকল্যাণমুখী রাজনীতির বার্তা দেন।
প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী কায়কোবাদ বলেন, আল্লাহর সাহায্য করছেন বলেই আমরা ক্ষমতায় আসতে পেরেছি। আল্লাহ সাহায্য করেছেন বলেই আওয়ামী লীগ এই বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের আজ শপথ নিতে হবে—বিএনপির নেতা-কর্মীরা আমরা কারো প্রতি অন্যায় করব না, অত্যাচার করব না, অবিচার করব না। আমরা আওয়ামী লীগের মতো দুর্নীতি করব না। আমরা সৎভাবে জীবনযাপন করব। আমাদের হাতের মাধ্যমে যেন আরেক ভাই কষ্ট না পায়, আজকের এই দিনে আমাদের সেই শপথ নিতে হবে।
তারেক রহমানের বিভিন্ন জনকল্যাণমুখী উদ্যোগের কথা তুলে ধরে তিনি আরও বলেন, বাংলাদেশে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতার মতো জনহিতকর উদ্যোগগুলোর স্বপ্নদ্রষ্টা একমাত্র তারেক রহমান। এ সময় তিনি নেতাকর্মীদের দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া করার আহ্বান জানিয়ে বলেন, যেন আল্লাহ তাঁকে হেফাজত করেন এবং তিনি দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও তাঁর সিদ্ধান্তগুলো সফলভাবে বাস্তবায়ন করতে পারেন।
সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকারের বিষয়ে গুরুত্বারোপ করে ধর্মমন্ত্রী বলেন, সংখ্যালঘু ভাইবোনেরা যেন আমাদের মাঝে মাথা উঁচু করে বাঁচতে পারে, তাদের ওপর যেন কোনো ধরনের জুলুম-অত্যাচার না হয়—সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, আব্দুল আজিজ মোল্লা, শাহ আলম সরকার, ফারুক সরকার মজিব, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাছির উদ্দিন, উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর, ছাত্রদলের আহ্বায়ক খায়রুল হাসান, জিসাসের সভাপতি জসিম উদ্দিন ও জাসাসের সভাপতি আবু বকর সিদ্দিক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, হাজী ইদ্রিস, দুলাল সরকার, কৃষক দলের সভাপতি নায়েব আলী, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব সৈয়দ হাছান আহমেদ, সদস্য মাসুম মুন্সী, ওলামা দলের আহ্বায়ক মাওলানা মহিবুল্লাহ, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও দলের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আমিনুল ইসলাম।

