পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের সমন্বয়ে গঠিত ‘মক্কা প্রতিরক্ষা জোটে’ বাংলাদেশ ও ইরানসহ অন্যান্য মুসলিম দেশকে অন্তর্ভুক্ত করার জোর আহ্বান জানিয়েছেন পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির হাফিজ নাঈম। রোববার (৪ অক্টোবর) গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আয়োজিত এক বিশাল সমাবেশে তিনি এই আহ্বান জানান। পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
সমাবেশে হাফিজ নাঈম বলেন, এই প্রতিরক্ষা চুক্তির মূল লক্ষ্য যদি আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা হয়, তবে ফিলিস্তিনকে এর অন্যতম প্রধান অগ্রাধিকার দেওয়া উচিত। বিশেষ করে গাজার মানুষের ওপর চলমান ইসরায়েলি আগ্রাসন ও হামলা বন্ধ করা এই প্রতিরক্ষা চুক্তির প্রথম লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক একটি প্রতিরক্ষা চুক্তিতে সই করে, যা ‘মক্কা প্রতিরক্ষা জোট’ নামে পরিচিত।
ফিলিস্তিন ও কাশ্মীরের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে মুসলিম দেশগুলোর মধ্যকার রাজনৈতিক ও ভৌগোলিক বিভেদ দূর করার তাগিদ দেন জামায়াত নেতা। অভিন্ন স্বার্থের খাতিরে শিয়া-সুন্নি বিভাজন দূরে সরিয়ে রাখার ওপরও জোর দেন তিনি। নাঈম অভিযোগ করেন, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে গাজায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এবং এর পেছনে যুক্তরাষ্ট্রের পরোক্ষ সমর্থন রয়েছে। হামাসের লড়াইকে ‘বৈধ প্রতিরোধ’ হিসেবে উল্লেখ করে তিনি আল-আকসা মসজিদের স্বাধীনতা রক্ষায় মুসলিম বিশ্বকে আরও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান।




