রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক স্লোগান নিয়ে এক ব্যতিক্রমী মন্তব্য করেন।
বক্তব্যের শুরুতেই তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে স্লোগানটি দিয়েছেন—“করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—সেটিকে তিনি যদি হাদিস হিসেবে আখ্যা দেন, তবে অনেকে হয়তো মনে করতে পারেন যে পরবর্তী পদায়ন বা পোস্টিংয়ের আশায় তিনি তেল মারছেন। তবে বিষয়টিকে নিজের মতো করে ব্যাখ্যা করে তিনি বলেন, এটি মূলত একটি ‘শাশ্বত বাণী’।
এ সময় মসিউর রহমান আরও বলেন, দেশের স্বার্থ ও দেশপ্রেমের বিষয়টি তুলে ধরে “আমার আগে আমরা, সবার আগে দেশ”—এই কথাটিকে কেউ অস্বীকার করতে পারে না। কেবল স্বার্থপর এবং যার মনে দেশপ্রেম নেই, কেবল সেই এর বিরোধিতা করতে পারে। পরবর্তীতে তিনি আবার বলেন, “তারপরে ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এটা হাদিস, হাদিস। এটা শাশ্বত বাণী।” এ প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, “এটা হুজুররা বললে হাদিস হয়ে যেত। তো ওনার মুখে দাড়ি নেই, টুপি পরেন না, এজন্য হাদিস হয়নি! এটা হাদিস।”
সরকারি একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন রাজনৈতিক স্লোগান ও হাদিসসংক্রান্ত মন্তব্যটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পর থেকেই প্রশাসনিক কর্মকর্তার এমন বিতর্কিত ও অসংলগ্ন মন্তব্য নিয়ে সচেতন মহল এবং রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।




