দেশের পেমেন্ট ব্যবস্থাকে আরও গতিশীল, নিরাপদ ও ক্যাশলেস করার লক্ষ্যে কিউআর কোডভিত্তিক পিটুপি (Person-to-Person) লেনদেন সেবা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। গত ১ নভেম্বর থেকে কার্যকর হওয়া এই নতুন সেবার ফলে সাধারণ গ্রাহকদের টাকা পাঠানোর প্রক্রিয়া আরও সহজ হলো।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। নতুন এই সেবার আওতায় গ্রাহকদের আর কষ্ট করে প্রাপকের মোবাইল নম্বর বা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ম্যানুয়ালি টাইপ করতে হবে না। এখন থেকে শুধু প্রাপকের ‘বাংলা কিউআর’ (Bangla QR) কোড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য যাচাই সাপেক্ষে খুব সহজেই পেমেন্ট বা অর্থ স্থানান্তর সম্পন্ন করা যাবে।
কেন্দ্রীয় ব্যাংকের মতে, এই নতুন উদ্যোগের ফলে দৈনন্দিন লেনদেনে নগদ টাকার ওপর নির্ভরতা উল্লেখযোগ্য হারে কমে আসবে এবং ডিজিটাল পেমেন্টের ব্যবহার আরও প্রসারিত হবে। বিশেষ করে সাধারণ মানুষের দৈনন্দিন আর্থিক লেনদেনকে দ্রুততর, নিরাপদ ও সুবিধাজনক করতে এবং দেশের পেমেন্ট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও ক্যাশলেস সমাজ গঠনে এটি একটি বড় পদক্ষেপ হিসেবে কাজ করবে।




