রাজধানী ঢাকায় রাত থেকে শুরু হয়ে সকাল পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়েছে। কখনো গুঁড়ি গুঁড়ি আবার কখনো অঝোর ধারায় ঝরা বৃষ্টির শব্দে আজ রোববার সকালে ঢাকাবাসীর ঘুম ভেঙেছে। গত শনিবার দিবাগত রাত আড়াইটার পর থেকে আজ সকাল আটটা পর্যন্ত ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং দফায় দফায় বৃষ্টি ঝরেছে।
আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, উত্তর আন্দামান সাগর ও এর সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। আবহাওয়া অফিসের সূত্র জানিয়েছে, এই লঘুচাপটি গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে এবং এর মূল প্রভাব ভারতের ওডিশা ও অন্ধ্র প্রদেশের উপকূলের দিকে হতে পারে।
আজ ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এসব এলাকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি আবার কোথাও ভারী বর্ষণ হতে পারে। এর আগে গত মঙ্গল ও বুধবার দেশের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ বয়ে গেলেও আজও দেশের কিছু কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে আগামী মঙ্গলবার থেকে সারা দেশে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ওই দিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা এবং অন্যান্য বিভাগের কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


