ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ নির্বাচনি আসনের উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে বিশেষ পদক্ষেপ নিয়েছে সরকার। আগামী ২৯ অক্টোবর ভোটগ্রহণের দিন নির্ধারিত থাকায় ওই দিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, ঠাকুরগাঁও-১ শূন্য আসনের উপনির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য ভোটগ্রহণের দিন অর্থাৎ আগামী ২৯ অক্টোবর সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস-প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি বলবৎ থাকবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে সকল প্রস্তুতি শুরু হয়েছে এবং ভোটগ্রহণ নিরপেক্ষ ও শৃঙ্খলাপূর্ণ করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




