জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
রোববার ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
এর আগে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন সাজ্জাদ হোসাইন হৃদয়। সেখানে তিনি লেখেন, ছাত্ররাজনীতির শুরু থেকে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার সময় তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন করার কথা। একই সঙ্গে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানান তিনি।
পোস্টটি দেওয়ার পরই তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ নোটিশ দেওয়া হয়।
এ বিষয়ে সাজ্জাদ হোসাইন হৃদয় বলেন, সংগঠনের প্রতি তার শতভাগ আনুগত্য রয়েছে। পোস্টকে কেন্দ্র করে শোকজ করা হলে তিনি সাংগঠনিক নিয়ম অনুযায়ী এর লিখিত জবাব দেবেন।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা রয়েছে এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। বাংলাদেশ সরকারও দীর্ঘ সময় জ্বালানি তেলের দাম সমন্বয় করেনি। পরবর্তী সময়ে পরিস্থিতি বিবেচনায় দাম বাড়াতে বাধ্য হয়েছে—মূলত এ বিষয়টি ব্যাখ্যা করেই তিনি ফেসবুকে পোস্টটি দিয়েছিলেন।
এদিকে, রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে। নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে।
শোকজ নোটিশের পর সাজ্জাদ হোসাইন হৃদয়ের বিরুদ্ধে কোনো সাংগঠনিক শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।




